নেটে ব্যাটিং করেননি তানজিদ, আঙুলে চোট পেলেন মুশফিক

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আজ বাংলাদেশ দলের অনুশীলনের সময় তানজিদ হাসানকে নিয়ে সবার কৌতূহল ছিল। তবে দলের এই ওপেনার এদিন কোনো ব্যাটিং অনুশীলন করেননি। নেটের এক কোণায় তাকে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও এর আগে মূল স্টেডিয়ামে দলের সঙ্গে ওয়ার্মআপ ও ফিল্ডিং অনুশীলনে তিনি অংশ নিয়েছিলেন।

দলের একাধিক সূত্রের তথ্যমতে, ঘাড়ের আড়ষ্টতায় ভুগছেন তানজিদ। টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে রাজি নয় বলেই তাকে ব্যাটিং থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ডারউইন টেস্টে সেঞ্চুরি করা এই ওপেনারকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। তাদের আশা, পরের দিনই তিনি সুস্থ হয়ে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবেন।

আজকের অনুশীলনে আরেকটি অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয় অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে ঘিরে। নেটে ব্যাটিং করার সময় বলের আঘাত পান তিনি। আঘাতের পর কিছুক্ষণ তাকে উইকেটে বসে থাকতে দেখা যায়। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি আবারও ব্যাটিং অনুশীলনে ফিরেছেন।

এদিকে অনুশীলনে আজ দীর্ঘ সময় বোলিং করেছেন পেসার শরীফুল ইসলাম। তাকে আলাদাভাবে পরামর্শ দিতে দেখা গেছে কোচ ফিল সিমন্সকে। তানজিদের অনুপস্থিতিতে এদিন সাদমান ইসলামের সঙ্গে ব্যাটিং শুরু করেন সৌম্য সরকার।