ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ নতুন নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শহরের যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে এই প্রকল্প বাস্তবায়িত হবে। তবে দীর্ঘমেয়াদী এই প্রকল্পের পাশাপাশি আগামী ৪ মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ ও ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পূর্বে প্রস্তুত করা প্রতিবেদন পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রযুক্তিনির্ভর আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে একটি অ্যাপ তৈরির কাজ আগামী ৪ মাসের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয়ের আশপাশের যানজট নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের সুযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ঢাকা শহরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।