তুরাগ নদে মিলল বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার লাশ প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নৌপুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তার এক আত্মীয়কে বিষয়টি অবহিত করার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। এছাড়া তার হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়, যা দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত তাহসিফ সাউরি উত্তরায় ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা ছিলেন এবং তার বাবার নাম কেএম এনায়েতুর। পুলিশ সুপার জানান, মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। SHARES রাজধানী বিষয়: তাহসিফ সাউরিতুরাগ নদনৌপুলিশবিমানবাহিনীলাশ উদ্ধার