চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত সচেতনতা ও উদ্যোগের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় কেবল চিকিৎসাসেবা সম্প্রসারণই যথেষ্ট নয়, বরং প্রয়োজন সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের মতো সামগ্রিক স্বাস্থ্যঝুঁকিগুলোকে একসঙ্গে বিবেচনায় নিয়ে প্রত্যেককে নিজ স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রবিবার (০৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্য বিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, শুধু সরকারের পক্ষে দেশের সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, তাই সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। তিনি বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, চক্ষু ও কিডনি রোগ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এসব ব্যাধিকে আলাদাভাবে বিবেচনা করে পৃথক চিকিৎসার মাধ্যমে মানুষের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য সমন্বিত চিকিৎসা ও প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি অনেকের জন্য চোখের ছানি অস্ত্রোপচার অত্যন্ত ব্যয়বহুল বলেও মন্তব্য করেন তিনি।

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি কার্যকর গ্রুপ বা প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শ দেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে, যাতে ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের মতো গুরুতর ঝুঁকি সম্পর্কে মানুষ আগেভাগেই সচেতন হতে পারে।