পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬ বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। সালাহউদ্দিন নোমান চৌধুরী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক এর আগে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়ামকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দিল্লিতে যাচ্ছেন। SHARES জাতীয় বিষয়: কূটনীতিপররাষ্ট্র মন্ত্রণালয়পররাষ্ট্র সচিববাংলাদেশসালাহউদ্দিন নোমান চৌধুরী