নাশকতা ও আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন: ডিএমপি

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিসি আকতার হোসেন জানান, পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এটি স্পষ্ট যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির তৎপরতা সম্পর্কে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ মোতায়েন ও অভিযান জোরদার করা হয়েছে। জনগণের আতঙ্ক দূর করতে পুলিশের মোবাইল পার্টি ও পিকেট ডিউটির পাশাপাশি কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

ককটেল তৈরির উপকরণের উৎস সম্পর্কে প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) এর আগেও বিস্ফোরকদ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জামসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। নাশকতা রোধে পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থান থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা-ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ সংগ্রহকারীদের শনাক্ত করতে ডিএমপির অভিযান চলমান রয়েছে।