হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানা নেই, প্রত্যার্পণ চায় বাংলাদেশ প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের যে খবর উঠে এসেছে, সেটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে একই সঙ্গে সরকার বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাঁকে ভারত থেকে ফিরিয়ে আনতে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদমাধ্যমে উঠে আসা প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি বিভিন্ন টেলিভিশন স্ক্রলে এ সংক্রান্ত তথ্য দেখেছেন এবং বিষয়টি শুনেছেন। তবে শেখ হাসিনা আসলেই পাসপোর্ট ও এনআইডির জন্য নতুন করে আবেদন জমা দিয়েছেন কি না, তা তিনি ব্যক্তিগতভাবে বা দাপ্তরিক সূত্রে এখনো নিশ্চিত হতে পারেননি। ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দণ্ডিত আসামি যদি অন্য কোনো দেশে আশ্রয় নিয়ে থাকেন, তবে তাঁকে আইনগত প্রক্রিয়ায় ফিরিয়ে আনার বিধান রয়েছে। সে অনুযায়ী বন্দি বিনিময় চুক্তি মেনে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে, যাতে ওই দণ্ডিত আসামিকে আইন অনুসারে প্রত্যর্পণ করা হয়। উল্লেখ্য, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে সম্প্রতি লন্ডনের আইনি প্রতিষ্ঠান 'ম্যাট্রিক্স চেম্বার্স'-এর আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। SHARES জাতীয় বিষয়: পাসপোর্ট আবেদনপ্রত্যর্পণ চুক্তিপ্রীতি রহমানম্যাট্রিক্স চেম্বার্সশেখ হাসিনাসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী