পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক পক্ষ। সোমবার এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পেশ করা হয়।

বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বিস্তারিত তুলে ধরে জানান, এক নম্বর গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার টাকা এবং তিন নম্বর গ্রেডের জন্য ৩৮ হাজার টাকা মজুরি চাওয়া হয়েছে। চার নম্বর গ্রেডের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া পোশাক খাতে একদম নতুন বা শিক্ষানবিশকালে যোগ দেওয়া শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব রাখা হয়েছে।

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী এদিন মালিক ও শ্রমিক—দুই পক্ষেরই স্ব স্ব প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। তবে মালিক পক্ষ প্রস্তাব জমা দিতে আরও সাত কার্যদিবস সময় প্রার্থনা করে। বোর্ডের পক্ষ থেকে তাদের জন্য চার কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড মালিক পক্ষের প্রস্তাবের জন্য আর অপেক্ষা করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন চেয়ারম্যান।