মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে যুব টাইগাররা। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি ৩০৩ রান সংগ্রহ করে। শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও দলের হাল ধরেন আহসান আল মুমিন। ১৩৩ বলের মোকাবিলায় ১০টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দেন রবিউল হাসান আনিক, যিনি ৪৮ বলে ৪৫ রান সংগ্রহ করেন। মালয়েশিয়ার বোলারদের মধ্যে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট লাভ করেন। জবাবে ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই অলআউট হয়ে যায় তারা। মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন ৮১ বলে ৫০ রানের ইনিংস খেললেও অন্য ব্যাটারদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় দলকে বড় পরাজয় থেকে বাঁচাতে পারেননি। এদিন বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাফিউল আলম তামিম। ৭.৫ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় ৭ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে দুটি মেডেন ওভার ছিল। এছাড়া রুবায় ইসলাম রিজন দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস দ্রুত গুটিয়ে দিতে সহায়তা করেন। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। SHARES খেলাধুলা বিষয়: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপক্রিকেটবাংলাদেশযুব টাইগারসেমিফাইনাল