মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

মিশরের গিজা শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, গিজা ও কায়রো থেকে ছেড়ে যাওয়া দক্ষিণমুখী দুটি ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ অনুযায়ী, গিজা থেকে ফায়ুমের দিকে যাচ্ছিল একটি ট্রেন। পথিমধ্যে আল-আয়াতের কাফর আম্মার এবং আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইনের ওপর দাঁড়িয়ে থাকা আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে প্রথম ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় সাধারণ মানুষ এবং উদ্ধারকর্মীরা দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলো থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের অনেকের হাড় ভাঙা এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে, যাদের চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য দায়ী অবহেলাকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না। রোববারের এই মর্মান্তিক দুর্ঘটনার পর মিশরের পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এছাড়া সৌদি আরব ও তুরস্ক এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে। উল্লেখ্য, ২০০২ সালে একই এলাকায় অপর একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।