রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হলেন এসপি জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ রোববার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর থেকেই তদন্ত চলছিল। ঘটনার সূত্রপাত হয় যখন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী তাকে দপ্তরে ডেকে পাঠান। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ায় ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।