যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ৫

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে শহরের ব্যস্ত এলাকা ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এই ভয়াবহ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট।

পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, ঘটনার পর অভিযুক্ত শ্বেতাঙ্গ বন্দুকধারী কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ঢুকে নিজেকে অবরুদ্ধ করে ফেলেন। পুলিশ তার সঙ্গে ফোনে আত্মসমর্পণের জন্য আলোচনা শুরু করলে একপর্যায়ে কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশ ওই কক্ষে প্রবেশ করে তাকে আটক করে। অভিযুক্ত ব্যক্তি নিজেই নিজের শরীরে গুলি চালিয়েছিলেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, তিনি ওই এলাকার একটি জিমে ব্যায়াম করছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ ছিলেন। গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন এবং তার শরীর থেকে রক্ত বের হতে দেখেন। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে গেলেও গুলিবিদ্ধ ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

হামলার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন এবং সন্দেহভাজনকে ধরতে অভিযান পরিচালনা করেন।