গোপালগঞ্জে দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া, পুলিশ বক্স ভাঙচুর

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা গোপালগঞ্জ শহরে দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এই মিছিলের সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

সকাল থেকেই গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় জড়ো হতে থাকেন। মিছিলের সময় অংশ নেওয়া অনেক নেতাকর্মীর মাথায় হেলমেট ছিল এবং তাদের হাতে রামদা, লগি-বইঠা ও চাইনিজ কুড়ালের মতো দেশি অস্ত্র দেখা যায়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

উশৃঙ্খল পরিস্থিতি চলাকালে আন্দোলনকারীরা পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর উঠে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভেঙে ফেলেন। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়ার ঘটনাও প্রত্যক্ষ করা গেছে।

মিছিলের এক পর্যায়ে লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এছাড়া হাদি চত্বরের নামফলকটিও ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।