আমন ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে চাঁদপুরের কৃষকদের মুখে প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬ গত কয়েক বছর জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে আমন ও বোরো চাষে লোকসান গুনতে হয়েছিল চাঁদপুরের মতলব উত্তরের কৃষক মনির হোসেনকে। তবে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় তাঁর ৭২ শতক জমিতে আমনের বাম্পার ফলন হয়েছে। মনির হোসেন জানান, উৎপাদন খরচ বাদে প্রতি মণে তাঁর প্রায় ৬০০ টাকা লাভ হচ্ছে। ৭৫ মণ ধান উৎপাদনের প্রত্যাশা করছেন তিনি, যা থেকে সব খরচ মিটিয়ে প্রায় ৪৫ হাজার টাকা লাভের আশা করছেন এই কৃষক। মনির হোসেনের মতো উপজেলার ৩২ হাজার ৫০০ জন কৃষক চলতি খরিপ-২ মৌসুমে আমন চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে শুরু হওয়া এই মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে, যা গত বছরের ৮ হাজার ৯০০ হেক্টরের তুলনায় বেশি। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ২৩০ মেট্রিক টন। উপজেলার গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকা ঘুরে দেখা যায়, চারপাশ আমন ধানের সোনালি রঙে ভরে উঠেছে। কৃষকেরা এখন ধান কাটা, মাড়াই করা এবং বাজারে ধান ও চাল বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছেন। ফতেপুরের কৃষক মিজানুর রহমান জানান, গত কয়েক বছর লোকসানের পর এবার ভালো ফলন পেয়ে তিনি বেশ খুশি। তিনি পরিবারে চালের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ধান ও চাল বাজারে বিক্রি করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী জানান, আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় উপজেলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা ধান বিক্রির টাকায় সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনছেন। তাঁর কার্যালয় থেকে কৃষকদের আমন চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, যার ফলে কৃষকেরা এই ফসলের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছেন। মোহাম্মদ জাকির হোসেন, মো. রাকিব হোসেন ও দেলোয়ার হোসেনসহ অন্তত ২০ জন স্থানীয় কৃষকও একই ধরনের আশাবাদের কথা জানিয়েছেন। SHARES জাতীয় বিষয়: আমন ধানকৃষককৃষিচাঁদপুরমতলব উত্তর