গাজায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নিহত ১৪ ফিলিস্তিনি

প্রকাশিত: 2:02 PM, July 18, 2026

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য সূত্রগুলো জানিয়েছে, একের পর এক আবাসিক এলাকা এবং বেসামরিক মানুষের জমায়েত লক্ষ্য করে চালানো এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় শুক্রবার এক বেসামরিক সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। আল আওদা হাসপাতালের তথ্য অনুযায়ী, এই হামলায় আটজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দিনের শুরুতে একই এলাকায় পৃথক হামলায় নিহত এক ব্যক্তির জানাজার নামাজ পড়তে লোকজন আহমদ ইয়াসিন মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন। জানাজা শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাদের ওপর ড্রোন হামলাটি চালানো হয়।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, যুদ্ধবিরতির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। হামাসের সঙ্গে নয় মাস ধরে চলা কথিত যুদ্ধবিরতি প্রায় প্রতিদিনই লঙ্ঘন করছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে। তবে তাদের দাবি, মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী’ আস্তানা লক্ষ্য করেই তারা অভিযান চালিয়েছিল। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলায় বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে তারা ওয়াকিবহাল রয়েছে এবং হামলার ফলাফল পর্যালোচনা করে দেখা হচ্ছে। এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।