মার্কিন সেনা হত্যার পরিণাম ভয়াবহ হবে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি প্রকাশিত: 11:31 AM, July 21, 2026 ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে মার্কিন সেনা হত্যার দায়ে ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প স্পষ্ট করে বলেন, যতবারই ইরান আমেরিকান সেনাকে হত্যা করবে, ততবারই তাদের সেই অপরাধের জন্য চড়া মাশুল গুনতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনের কাছে পৌঁছে দিয়েছেন। তবে পেন্টাগনকে ঠিক কী ধরনের সামরিক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ওয়াশিংটন জানিয়েছে। এর মধ্যে জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় দুজন সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া মার্চ মাসে কুয়েতের পোর্ট শুয়াইবাতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় আরও ছয়জন মার্কিন সেনা নিহত হন। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪৩০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, জর্ডানে প্রাণঘাতী হামলার আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার মোতায়েন শুরু করেছিল। এছাড়া হরমুজ প্রণালী সচল রাখার কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক মার্কিন হামলাগুলো ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্রের ধারণা, ভবিষ্যতে বড় কোনো সামরিক অভিযান চালানোর আগে এসব সক্ষমতা দুর্বল করা জরুরি। গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু, খার্গ দ্বীপের তেল স্থাপনা এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিলেন। তবে পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করছে। ব্যাপক হতাহতের শিকার হওয়ার আগেই সৈন্যদের সরিয়ে নেওয়ার পাশাপাশি উত্তেজনা বৃদ্ধির এই ফাঁদ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। SHARES অন্যান্য বিষয়: ইরানডোনাল্ড ট্রাম্পমধ্যপ্রাচ্য সংকটমার্কিন সেনা