রাঙামাটির সাজেকে ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা শিক্ষিকার মৃত্যু প্রকাশিত: 4:31 PM, July 18, 2026 রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। ঘটনার দিন সকালে সন্তান প্রসবের জন্য তাঁকে সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে উপজেলার চাম্পাতলি এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন্তি চাকমা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ওই নারীর গর্ভে থাকা সন্তানটিও মারা গেছে। বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, তিনি ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকার আহত হওয়ার খবর শুনেছেন, তবে তাঁর মৃত্যুর বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত নন। SHARES জাতীয় বিষয়: বাঘাইছড়িরাঙামাটিসাজেকসুমন্তি চাকমাসড়ক দুর্ঘটনা