স্পেনকে অভিনন্দন জানিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি প্রকাশিত: 9:31 AM, July 21, 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা পোস্ট করে তিনি স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ফাইনালে হারের পরপরই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মন্তব্য করেছিলেন যে, প্রতিপক্ষ তাদের চেয়ে ভালো খেলেছে এবং পরাজয় মেনে নেওয়াটাই বড় খেলোয়াড়সুলভ মনোভাব। স্কালোনির সেই উদার অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মেসি নিজেও। ইনস্টাগ্রাম বার্তায় মেসি গভীর কষ্টের কথা উল্লেখ করে লিখেছেন, এই ক্ষত সারতে কিছুটা সময় লাগবে। তবে তিনি দলের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং পুরো দেশের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। মেসি জানান, যেসব ম্যাচে তারা সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন, সেই স্মৃতিগুলো চিরকাল তার মনে থাকবে। এই লড়াইয়ের মাধ্যমেই আর্জেন্টিনা দল আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। তিনি আরও বলেন, জাতি হিসেবে তারা আবারও ঐক্যবদ্ধ হতে পেরেছেন এবং আর্জেন্টাইন হওয়ার যে অপরিসীম গর্ব, তা সবাই মিলে ভাগ করে নিয়েছেন। ভক্তদের দেওয়া প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। বার্তার শেষ অংশে তিনি স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান। SHARES অন্যান্য বিষয়: আর্জেন্টিনাফুটবলবিশ্বকাপলিওনেল মেসিলিওনেল স্কালোনিস্পেন