ডিমলায় অফিস চলাকালে ঘুমানোর ভিডিও ভাইরাল, কর্মচারীকে শোকজ প্রকাশিত: 12:33 PM, August 4, 2026 নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে দাপ্তরিক দায়িত্ব পালনকালে গভীর ঘুমে আচ্ছন্ন থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে এবং এ ঘটনায় ওই অফিসের কর্মচারী শামসুন নাহারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশটি দিয়েছেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রৗশন কবীর। ঘটনাটি ঘটে সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে। ওই সময় অফিসে আসা সেবা গ্রহণকারীরা শামসুন নাহারকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সরকারি দপ্তরে শৃঙ্খলা, কর্মঘণ্টায় দায়িত্ব পালন এবং সেবার মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। সেবা গ্রহণকারীদের অভিযোগ, সরকারি অফিসে এ ধরনের দৃশ্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলে এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থাকে ক্ষুণ্ন করে। গয়াবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু রাইয়ান জানান, বিকেল ৪টায় উপজেলা অফিসে মিটিং থাকায় তিনি সাড়ে ৩টার দিকে অফিস থেকে বেরিয়ে যান। এরপর শামসুন নাহার অফিসে ছিলেন। তিনি আরও জানান, কর্মচারী শামসুন নাহার গত কয়েক দিন ধরে অসুস্থতায় ভুগছেন। তবে এ ঘটনা জানার পরই তাঁকে শোকজ করা হয়েছে। ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, অফিস চলাকালীন দায়িত্ব পালনে অবহেলার কোনো অবকাশ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান নিশ্চিত করেছেন যে, ওই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং লিখিত জবাব পাওয়ার পর পরবর্তী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, অভিযুক্ত কর্মচারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। SHARES জেলা/উপজেলা বিষয়: ডিমলানীলফামারীভাইরাল ভিডিওভূমি অফিসশোকজ