হাটহাজারীতে প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতি নিয়ে প্রশাসনের সভা

প্রকাশিত: 3:31 PM, August 4, 2026

আগামী ৯ আগস্ট রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

সভায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর সফর যাতে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌরসভার আহবায়ক জাকের হোসাইন, সদস্য সচিব অহিদুল আলম, পিডিবি'র নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন জাবেদ, টিএসও তাপস কান্তি মজুমদার, কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান, ফরহাদাবাদ ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম, মির্জাপুরের জাকির হোসেন এবং সাংবাদিক মোঃ বোরহান উদ্দিন ও মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এছাড়া তার সফরসূচির মধ্যে রয়েছে হাটহাজারী ডাক বাংলোয় অবস্থান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক প্রয়াত শাহ আহমদ শফির কবর জেয়ারত। সফরকে কেন্দ্র করে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন সকালে ডাক বাংলোসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।