বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর প্রকাশিত: 1:31 PM, August 4, 2026 বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, সরকার দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির একটি দেশের সঙ্গে এই চুক্তি সম্পাদন করতে সক্ষম হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যের ওপর অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাজারে ৮৭ শতাংশ পণ্যে এই সুবিধা ভোগ করবে। বাণিজ্যমন্ত্রী জানান, দুই ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য অংশীদার হিসেবে পাওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া এবং পাটজাতপণ্যসহ বিভিন্ন পণ্য এই শুল্ক সুবিধার আওতায় আসবে। একই সঙ্গে, দক্ষিণ কোরিয়া থেকে আমদানির ক্ষেত্রে বাংলাদেশের কৃষিপণ্য, প্লাস্টিক সামগ্রী এবং খুচরা যন্ত্রাংশ আমদানিতে বিশেষ সুবিধা তৈরি হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের, যা অর্জনের জন্য ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি এবং প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। এই চুক্তির মাধ্যমে সেই বিনিয়োগ আকর্ষণ করাই সরকারের অন্যতম উদ্দেশ্য। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ৫৬ বছর আগে টেক্সটাইল ব্যবসার মাধ্যমে এই পথচলা শুরু হয়েছিল। তবে বিশ্ব এখন পণ্য বহুমুখীকরণের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের নতুন সরকার অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং তার দেশ বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি ও সাপ্লাইচেইন উন্নয়নে কাজ করতে আগ্রহী। SHARES অন্যান্য বিষয়: অর্থনীতিদক্ষিণ কোরিয়াবাংলাদেশবাণিজ্য চুক্তিশুল্ক সুবিধাসিইপিএ