তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে অনাগ্রহ ফ্রান্স ও ইংল্যান্ডের

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে পরাজয়ের পর টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। সেই ক্ষত নিয়েই আজ শনিবার ১৮ জুলাই মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে ফরাসিদের। তবে এই ম্যাচটি নিয়ে কোনো দলেরই বিশেষ আগ্রহ নেই বলে জানিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, এই ম্যাচটি নিয়ে তার বড় দায়িত্ব রয়েছে, তবে এটি কোনো প্রীতি ম্যাচ নয়। তিনি জানান, ইংল্যান্ডের মতো তারাও এই ম্যাচটি খেলতে আগ্রহী নয়। দেশমের ভাষায়, আমি, খেলোয়াড়রা এবং পুরো স্টাফরা মিলে এই শেষ লক্ষ্যটিতে পৌঁছাতে বাধ্য। অবশ্যই এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ডও এই ম্যাচটি খেলতে চায় না, আর আমরাও চাই না। কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন এখানেই লড়তে হবে।

একই সঙ্গে দেশম নিশ্চিত করেছেন যে, এটি ফ্রান্সের ডাগআউটে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। তিনি বলেন, আমার মাথায় এটি স্পষ্ট যে এটাই কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। আমি চাই না কেউ কাঁদুক, শেষটা খুব কাছে তবে জীবন থেমে থাকে না। খেলোয়াড়দের তৃতীয় স্থান অর্জনের লক্ষ্য স্থির রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জার্সিটি পরলে দায়িত্বটুকু পালন করতেই হবে।

এদিকে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে দলের খেলোয়াড়দের মানসিক অবস্থার কথা স্বীকার করে বলেন, আমাদের মধ্যে কেউই এই তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে চাইনি, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। তবে বিদায়ী কোচ দেশমকে জয় দিয়ে বিদায় জানানোর তাড়না কাজ করছে তাদের মধ্যে। কোনাতে যোগ করেন, আমরা আমাদের কোচকে প্রতিদান দিতে চাই। ফ্রান্স দলের জন্য তিনি অনেক কিছু করেছেন। সেজন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং এই ম্যাচটি জেতার জন্য আমাদের যথাসাধ্য সবকিছু করতে হবে যেন অন্তত এই ব্রোঞ্জ পদকটি আমরা নিজেদের করে নিতে পারি।