মোংলা বন্দরে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বন্দরসেবার আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

এর আগে, প্রধানমন্ত্রী একদিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান। মোংলায় পৌঁছানোর পরপরই তিনি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন।

সমঝোতা স্মারকটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ইন্ডাস্ট্রিয়াল জোনস বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় উভয় পক্ষ জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস এবং মানবসম্পদ উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে কাজ করবে।