অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরা নিজেরাই ধ্বংস হবে: ট্রাম্প প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়েছেন যে, ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা যদি তাকে অভিশংসনে আনার চেষ্টা করেন, তবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন নীতি গ্রহণ এবং বিশেষ করে ইরানে সামরিক অভিযানের মতো সিদ্ধান্তের কারণে বিরোধী দলের এই ক্ষোভ তৈরি হয়েছে। গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৪ নভেম্বর ফলাফল প্রকাশিত হয়। এতে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা বড় জয় পেয়েছেন। নির্বাচনের পর বুধবার বিকেলে হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। এ সময় তিনি তার নতুন নির্মাণাধীন প্রকল্প ‘বলরুম’ নিয়ে প্রায় ২০ মিনিট কথা বললেও নির্বাচনের ফলাফল বা রিপাবলিকানদের পরাজয় নিয়ে কোনো উল্লেখ করেননি। ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প নিয়মিতভাবেই ডেমোক্র্যাটদের মতামত উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান ও অভিবাসন-বিরোধী অভিযানের মতো সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে, পরিবর্তিত পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসন করতে পারে কি না এবং তিনি তা নিয়ে চিন্তিত কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমি বিন্দুমাত্র চিন্তিত নই; বরং আমার মনে হয়, তারা যদি এমনটা করে—অর্থাৎ কোনো কারণ ছাড়াই অভিশংসন আনে—তবে তা ডেমোক্র্যাটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কিসের জন্য? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।” নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় সংক্রান্ত প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, তিনি ব্যালটে থাকলে জয়ী হতেন। তিনি বলেন, নির্বাচনি জনসভাগুলোতে তিনি সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেলেও সেই ভালোবাসা প্রার্থীদের কাছে পৌঁছাতে পারেননি। এর আগের দিন মঙ্গলবার গভীর রাতে অবশ্য তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, “ডেমোক্র্যাটদের অভিনন্দন। তারা ভালো কাজ করেছে। ১১ বছর ধরে তারা এই জয়ের অপেক্ষায় ছিল, অবশেষে তারা তা পেয়েছে।” SHARES অন্যান্য বিষয়: অভিশংসনইরানডেমোক্র্যাটিক পার্টিডোনাল্ড ট্রাম্পমার্কিন রাজনীতি