আজ থেকে শুরু হচ্ছে সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। আজ শনিবার থেকে দেশের সব উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় একযোগে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। পরবর্তীতে এই পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে উপজেলার অন্যান্য সব ব্লকেও পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ সম্প্রসারণ করা হবে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ১৮ জুলাই থেকে মাঠপর্যায়ে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। অফিস আদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে সরকারের প্রতিশ্রুত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের পথ সহজ হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। SHARES জাতীয় বিষয়: কৃষক কার্ডকৃষি মন্ত্রণালয়কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকৃষিজমিতথ্য সংগ্রহ