যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন প্রকাশিত: 12:36 PM, July 21, 2026 যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। অভিনন্দনবার্তায় তারেক রহমান বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন। তারেক রহমান উল্লেখ করেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়াটা তাঁর দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন। নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায়, বিশেষ করে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করেই এই অংশীদারত্ব গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে বলে বার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবে কাজ করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে উল্লেখযোগ্য অবদান রাখছেন। বার্তায় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তারেক রহমান। এছাড়া তিনি অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য ও ব্যক্তিগত কল্যাণ এবং তাঁর সফল দায়িত্বপালনের পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি ও অগ্রগতি কামনা করেন। অ্যান্ডি বার্নহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। SHARES জাতীয় বিষয়: অ্যান্ডি বার্নহ্যামকূটনীতিতারেক-রহমানবাংলাদেশযুক্তরাজ্য