মোংলা ও খুলনার সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বাগেরহাটের মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে আয়োজিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

মোংলার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা ১২টা ৪৫ মিনিটে মাজার জিয়ারত করার কথা রয়েছে তার। এরপর বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।

খুলনা সফরকালে বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।