খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

দিনব্যাপী নানা উন্নয়ন ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকালে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সরাসরি বাগেরহাটের মোংলায় পৌঁছাবেন সরকারপ্রধান। সেখানে মোংলা বন্দর এলাকায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে আয়োজিত চুক্তি স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করবেন।

বাগেরহাটে অবস্থানকালে মোংলা বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধিতে গৃহীত ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক পরিকাঠামোগত উন্নয়নকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বন্দরের নির্ধারিত সূচি শেষ করে দুপুরে বিখ্যাত সুফি সাধক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে খুলনা সার্কিট হাউজে মধ্যাহ্নযাত্রাবিরতি করবেন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস- সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাগেরহাট ও খুলনা অঞ্চলজুড়ে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। সফরকে সংবর্ধিত করতে খুলনা নগরীর প্রধান প্রধান সড়কের দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনার বৈচিত্র্যময় চিত্র অঙ্কন করা হয়েছে। একই সঙ্গে সফরকে ঘিরে পুরো এলাকায় নিচ্ছ ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত