অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রুখতে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত: 10:31 PM, August 3, 2026

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অপপ্রচারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ ইতোমধ্যে পাওয়া গেছে, তা বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো কর্তৃক সমাধান করা হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর সুযোগ নেই বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

তবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে প্রকৃত কোনো অভিযোগ থাকলে তাকে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রমাণ সাপেক্ষে অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে, কোনো রকম প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।