রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমান বাংলাদেশ

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

কারিগরি ত্রুটির মুখে পড়ে ইতালির রোমে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবশেষে ঢাকায় ফিরেছে। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

এর আগে বৃহস্পতিবার ২৫৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০৬ ফ্লাইটটি কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে শুক্রবার রোম বিমানবন্দরে জ্বালানি সংগ্রহের জন্য যাত্রাবিরতি করলে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। দীর্ঘ আট ঘণ্টা চেষ্টার পরও ত্রুটি মেরামত করতে ব্যর্থ হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বিমান কর্তৃপক্ষ যাত্রীদের হোটেল ও বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করে।

উড়োজাহাজটি সচল করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামসহ প্রকৌশলীদের একটি বিশেষ দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। প্রকৌশলীদের মেরামতের কাজ শেষে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী হলে সেটি ঢাকায় ফিরে আসে।

দীর্ঘ সময় বিমানটি বিকল থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। যাত্রীদের অভিযোগ, রোমে অবতরণের পর ত্রুটির কথা জানিয়ে তাদের দীর্ঘ আট ঘণ্টা উড়োজাহাজের ভেতরেই আটকে রাখা হয়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা শারীরিক কষ্টে পড়েন। পরবর্তীতে যাত্রীদের বিমানবন্দরের ভেতরে নেওয়া হলেও সবার জন্য পর্যাপ্ত লাউঞ্জ সুবিধা ছিল না, ফলে অনেককে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে।

যাত্রীরা আরও অভিযোগ করেন, বাংলাদেশি পাসপোর্টধারী হওয়ায় অনেকের ইতালিতে প্রবেশের অনুমতি ছিল না, যার ফলে তাদের বিমানবন্দরের বাইরে হোটেলে স্থানান্তর করা সম্ভব হয়নি। এছাড়া খাবার পেতে দেরি হওয়া এবং লাগেজে থাকা প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সময়মতো ব্যবহার করতে না পারার কারণেও যাত্রীরা ভোগান্তির কথা জানিয়েছেন।