হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১ শিশু আক্রান্ত হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর প্রাণহানি ঘটেছে। অর্থাৎ, এই সময়সীমার মধ্যে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৯১৫টি শিশু মারা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫০টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮১টি শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। একই সময়ে ৯২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০ জন।