রংপুরের পীরগঞ্জে ঘাস ধুতে গিয়ে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বালিয়াঘাটা বিলে পানিতে ডুবে ওদুত মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার ওই বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওদুত মিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি গরু পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ওদুত মিয়া গরুর জন্য ঘাস ধোয়ার উদ্দেশ্যে বালিয়াঘাটা বিলে যান। ঘাস ধোয়ার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি বিলের গভীর পানিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে তল্লাশি চালিয়ে ওদুত মিয়ার মরদেহ উদ্ধার করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, পানিতে পড়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।