বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ ও আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনটি পরিচালিত হয়।

মন্ত্রী জানান, রুটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে বিমানের আয় বাড়বে এবং তখন ভাড়া কমানোর বিষয়টি আরও জোরালোভাবে দেখা হবে। হজ ফ্লাইটের ভাড়ার বিষয়ে তিনি বলেন, প্রথমদিকে বিমান প্রায় ২ লাখ টাকা ভাড়া নিতো, যা অন্তর্বর্তী সরকার কমিয়ে প্রায় ১ লাখ টাকায় নামিয়ে আনে। গত হজে সর্বোচ্চ ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার টাকা, আর এ বছর ডায়নামিক প্রাইসিংয়ের মাধ্যমে তা ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য এয়ারলাইন্সের প্রচলিত পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখেই টিকিটের মূল্য নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা-চট্টগ্রাম রুটে অস্বাভাবিক ভাড়া নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই রুটে প্রকৃত ভাড়া ১২ হাজার নয়, বরং প্রায় ৬ হাজার ৪০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ কর ও অন্যান্য চার্জ যোগ হয়। এছাড়া, ফ্লাইট ছাড়ার শেষ সময়ে টিকিটের কালোবাজারি বা কারসাজি ঠেকাতে সরকার ব্যবস্থা নিয়েছে। যাত্রীরা যাতে নির্ধারিত মূল্যে টিকিট কিনতে পারেন, তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ সাশ্রয়ী করতে সরকার কাজ করে যাচ্ছে।