তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।

এর আগে, টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে আনা হয় এবং তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম এই হত্যা মামলাটি দায়ের করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ উত্তরায় নিজের বাসা থেকে বের হয়েছিলেন। রাত ১টা ৩৫ মিনিটে তিনি তার মাকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে জানিয়েছিলেন যে তিনি বাসায় ফিরছেন, তবে এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন বুধবার বিকালে নৌ পুলিশ তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করে এবং তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।