আমিরাতে লরির ধাক্কায় চট্টগ্রামের বোয়ালখালীর প্রবাসীর জীবনাবসান

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের আল খুজামিয়া এলাকায় গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালীর এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাইফুদ্দিন সিকদার মহসিন দুই বছর আগে জীবিকার সন্ধানে আমিরাতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে তিনি অ্যালুমিনিয়ামের কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার দিন দুপুরে কর্মস্থলে যাওয়ার সময় পিকআপ ভ্যানে থাকাকালীন একটি লরির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে শারজাহর এমকিউএইচ আল কাসিমি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানিয়েছেন, লরির ধাক্কায় মহসিনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

নিহত সাইফুদ্দিন সিকদার মহসিন বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির মৃত আবদুল মোতালেব সিকদারের ছেলে। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মহসিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে তার স্বজনরা জানিয়েছেন।