সাজিনাজ হাসপাতালের সাথে স্বাস্থ্যসেবা চুক্তি করল রেডিসন ব্লু প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬ চট্টগ্রামে করপোরেট স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। হোটেলটি নগরীর সাজিনাজ হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রেডিসন ব্লুর কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের নির্ধারিত শর্ত সাপেক্ষে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুবিধা পাবেন। সম্প্রতি হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, তাদের হাসপাতালটি আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সিং দল এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, হাসপাতালে বিশেষজ্ঞ বিভাগের পাশাপাশি অত্যাধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ব্লাড ব্যাংক এবং বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সাজিনাজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জনের মাধ্যমে তাদের সেবার মান ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যবস্থাপনা আরও সুদৃঢ় হয়েছে। হাসপাতালটিকে ১০০ শয্যাবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের কাজ চলছে, যা চিকিৎসা সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। তিনি আশা প্রকাশ করেন, রেডিসন ব্লুর সঙ্গে এই অংশীদারত্ব করপোরেট স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। এই সহযোগিতার জন্য তিনি রেডিসন ব্লু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। প্রতিষ্ঠানের কর্মীদের মানসম্মত স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন এবং সাজিনাজ হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। দুই প্রতিষ্ঠানই নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে এই সেবা কার্যক্রম চালিয়ে যাবে বলে তিনি আশা করেন। অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মমিনুল ইসলাম, এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী, ম্যানেজার (এইচআর) সাখাওয়াত হোসেন, ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) আরেফিন এবং আইটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল কান্তি রনি। রেডিসন ব্লুর পক্ষে উপস্থিত ছিলেন হসপিটাল বিভাগের ডা. মেজর (অব.) আমিনুল হক, সহকারী পরিচালক (নিরাপত্তা) মেজর (অব.) গৌতম রায়, সহকারী পরিচালক মো. রায়হান চৌধুরী এবং ওআইসি জমীর উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সমঝোতা স্মারকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং চট্টগ্রামের করপোরেট স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক প্রভাব পড়বে। SHARES স্বাস্থ্য বিষয়: করপোরেট স্বাস্থ্যসেবাচট্টগ্রামচুক্তিরেডিসন ব্লুসাজিনাজ হাসপাতালস্বাস্থ্যসেবা