বিমানবন্দরে গাড়ি দুর্ঘটনা: তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী বলেন, দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল, চালকের দক্ষতা ও অভিজ্ঞতা কেমন ছিল এবং গাড়িটি কী কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল—এসব বিষয় তদন্ত করে দেখা হবে। পাশাপাশি গাড়িতে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না কিংবা তৃতীয় টার্মিনালের সড়ক ও অবকাঠামোগত কোনো সমস্যা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তৃতীয় টার্মিনালের অভ্যন্তরে যানবাহন চলাচলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। এছাড়া সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।