মেগা প্রকল্পে অনিয়মের তদন্ত শুরু, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ দেশের মেগা প্রকল্পগুলোতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া অভিযোগ করেন যে, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পে ঠিকাদারদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বিপুল পরিমাণ ঋণের অর্থে পরিচালিত এসব প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে জনমনে গভীর উদ্বেগ রয়েছে। তিনি উল্লেখ করেন, ওই সময়ে সাধারণ মানুষের মধ্যে ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি’—এমন ধারণা প্রচলিত হয়ে গিয়েছিল। তিনি এ বিষয়ে বর্তমান সরকার কোনো তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কি না, তা জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মেগা প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির আলামত সরকারের নজরে এসেছে। যেসব প্রকল্পে এমন অভিযোগ পাওয়া গেছে, সেগুলোকে ইতিমধ্যেই তদন্তের আওতায় আনা হয়েছে। বেশ কয়েকটি প্রকল্পের তদন্ত কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত প্রতিবেদন সরকারের হাতে আসার পর তার সুপারিশ ও পরামর্শ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES জাতীয় বিষয়: জাতীয় সংসদতারেক-রহমানদুর্নীতিপ্রধানমন্ত্রীমেগা প্রকল্প