চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করতে ওয়াসার সঙ্গে ড্রিংকওয়েলের চুক্তি

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

চট্টগ্রাম নগরীর পানি সরবরাহ ব্যবস্থার মানোন্নয়ন এবং বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠী ও নিরাপদ পানির সুবিধাবঞ্চিত মানুষের জন্য এটিএম বুথ স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। চুক্তিতে চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম এবং ড্রিংকওয়েলের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী স্বাক্ষর করেন।

এই চুক্তির মূল লক্ষ্য হলো মহানগরীর পানি সংকটাপন্ন এলাকায় পানির এটিএম বুথ স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিরাপদ ও সাশ্রয়ী খাবার পানি সহজলভ্য করা। চুক্তি অনুযায়ী, ড্রিংকওয়েল চট্টগ্রাম ওয়াসার সরবরাহ লাইনের পানির গুণগত মান মূল্যায়ন করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত পানি শোধন ব্যবস্থার ব্যবস্থা গ্রহণ করবে। এই প্রকল্পের জন্য চট্টগ্রাম ওয়াসা জমি প্রদান করবে এবং ড্রিংকওয়েল সমস্ত মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল ইকুইপমেন্ট) অর্থায়ন করবে। এছাড়া, জায়গা প্রাপ্তিতে সমস্যা হলে ড্রিংকওয়েল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে জায়গা সংগ্রহের ব্যবস্থা নেবে।

চুক্তির শর্তানুযায়ী, ড্রিংকওয়েল অনুমোদিত কর্মী বা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমেই পানি বিতরণ নিশ্চিত করবে। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ৪৮ ঘণ্টার মধ্যে তা সমাধানের সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) গ্যারান্টি দিয়েছে প্রতিষ্ঠানটি। কোনো বুথ ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে ড্রিংকওয়েলকে বিকল্প সাময়িক পানি বিতরণের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন, এই অংশীদারিত্ব চট্টগ্রাম নগরীর পানি সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করবে। বর্তমানে ড্রিংকওয়েল ৬টি বুথ পরিচালনা করছে, যা থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে নিম্ন আয়ের মানুষের জন্য গভীর নলকূপ স্থাপন, লবণাক্ততা দূরীকরণে রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তি ব্যবহার এবং ওয়াসার বিলিং সিস্টেম আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে।

ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার বলেন, পানির এটিএম বুথ কেবল অবকাঠামো নয়, এটি মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রধান রজাস্ব কর্মকর্তা রুমন দে সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ড্রিংকওয়েলের পক্ষে হেড অব সার্ভিস ইঞ্জিনিয়ারিং অাবদুস সাত্তার ও প্রকল্প সমন্বয়কারী মো: মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত