জিয়াউর রহমানকে মতিউর রহমান গুলি করেছিলেন, জানালেন মোজাফফর প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসিকিউটর তানভীর হাসান জোহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন যে, জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান। জিজ্ঞাসাবাদে মোজাফফর আরও স্বীকার করেছেন যে, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। এর দুই দিন পর, ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, মোজাফফরকে আগামীকাল সোমবার আবার জিজ্ঞাসাবাদ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। উল্লেখ্য, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। SHARES জাতীয় বিষয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজিয়াউর রহমানমতিউর রহমানমোজাফফর হোসেনহত্যাকাণ্ড