ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিজাম উদ্দিন গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে মিরপুর সেনানিবাসে ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশ নিতে যান। কোর্স চলাকালে ৭ জুন তিনি অসুস্থ বোধ করলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় মাদকের উপস্থিতি বা ‘পজিটিভ’ ফলাফল পাওয়া যায়, যা ওই কোর্সের শৃঙ্খলা পরিপন্থী।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের এই আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।