ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার হাফিজ

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয় এবং এর অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগদানের ব্যাপারে সরকারের সুস্পষ্ট নীতি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তিনি আরও জানান, ব্রিকস সম্মেলন শেষ হয়ে গেছে এবং আগের সরকার থেকেই এতে যোগদানের চিন্তাভাবনা থাকলেও অপর পক্ষ থেকে তেমন উৎসাহ দেখা যায়নি। স্পিকার জোর দিয়ে বলেন, বর্তমান প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে একজন প্রধানমন্ত্রী হিসেবে এখনো আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে তা হতে হবে সমমর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে। তিনি বলেন, অতীতে যে স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলা হয়েছিল, আমরা সে ধরনের সম্পর্ক চাই না। বরং দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের সুসম্পর্ক থাকা উচিত, বাংলাদেশ তা-ই প্রত্যাশা করে। তিনি আরও উল্লেখ করেন, অতীত সরকারের প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, যা বাংলাদেশের কাছে প্রতিবেশীসুলভ আচরণ মনে হয়নি। তবে বর্তমানে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চলছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার প্রসঙ্গে স্পিকার বলেন, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে আগের সরকার বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। বর্তমানে নতুন সরকারের বয়স মাত্র সাত মাস। দীর্ঘদিনের দুঃশাসনের ক্ষত সারিয়ে দেশকে এগিয়ে নিতে আরও সময়ের প্রয়োজন। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে, যা দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা থেকে জনগণকে মুক্তি দেবে।