১ জুলাই থেকে কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে সরকারি কর্মচারীরা প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য করা হবে। এর ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের পূর্ববর্তী সময় পর্যন্ত বকেয়া বেতন পাবেন কর্মচারীরা। গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হলেও ১৯ সেপ্টেম্বর (শনিবার) এর গেজেট প্রকাশ করা হয়। গেজেটের তথ্য অনুযায়ী, নতুন বেতনস্কেলটি একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এতে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার আলাদা করা হয়েছে। দ্বিতীয় ধাপে, অর্থাৎ ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ সুবিধা পাবেন। পরবর্তীতে, ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্টসহ শতভাগ মূল বেতন দেওয়া শুরু হবে। গেজেট প্রকাশে বিলম্বের কারণে ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বকেয়া পাওনা তৈরি হবে, যা কর্মচারীরা পাবেন। তবে এই সময়ের মধ্যে কর্মচারীদের পাওয়া বিশেষ সুবিধার অর্থ নতুন বেতনস্কেলের বকেয়ার সঙ্গে সমন্বয় বা কর্তন করা হবে। মূলত নতুন পে স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকেই আগের বিশেষ সুবিধা বিলুপ্ত হয়ে যাবে। তবে যারা ১ জুলাই ২০২৬ তারিখে অবসরোত্তর ছুটিতে (PRL) ছিলেন, তারা ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখের হারেই ওই বিশেষ সুবিধা পেতে থাকবেন। অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্যও নতুন পে স্কেলের আওতায় ধাপে ধাপে বর্ধিত সুবিধা দেওয়ার নিয়ম রাখা হয়েছে। ২০ হাজার ১ টাকা বা তার বেশি বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে নতুন স্কেল অনুযায়ী বর্ধিত অংশের ৪০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে ৫০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে। পরবর্তী ছয় মাসে (১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭) এই হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে। অবশেষে ২০২৭ সালের ১ জুলাই থেকে পূর্ণ হারে নিট পেনশন দেওয়া হবে। পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বকেয়া পাবেন। SHARES জাতীয় বিষয়: অর্থ মন্ত্রণালয়জাতীয় বেতনস্কেল ২০২৬পে স্কেল গেজেটপেনশনভোগীবকেয়া বেতনসরকারি কর্মচারী