ডেঙ্গু রুখতে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৪ ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান বা ‘ক্লিনিং ডে’ পরিচালিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শনিবার এই বিশেষ কর্মসূচি পালন করা হয়। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সিটি কর্পোরেশন সপ্তাহে সাত দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখবে, আর নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবে। এ সময় তিনি সরকারি আবাসিক এলাকাগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে অঞ্চলভিত্তিক এই অভিযান পরিচালিত হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, মশক নিধন জোরদার করা এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার প্রতিটি ওয়ার্ডে এই ‘ক্লিনিং ডে’ পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, রাস্তাঘাট, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন, গাড়ি পার্কিংয়ের জায়গা ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি চালানো হয়। অভিযান চলাকালে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি এডিসের লার্ভা পাওয়া গেলে তা সাথে সাথেই ধ্বংস করা হয়। এছাড়া প্লাস্টিকের বোতল, ডাব ও নারকেলের খোসা, পরিত্যক্ত টায়ার ও ফুলের টবের মতো পানি জমার উপযোগী পাত্রগুলো সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে এলাকাগুলোতে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং প্রয়োগ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। নাগরিকদের সচেতন করতে ৭৫টি ওয়ার্ডেই র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে, যেখানে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ঢাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। SHARES রাজধানী বিষয়: আবদুস সালামক্লিনিং ডেডিএসসিসিডেঙ্গু প্রতিরোধঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনমশক নিধন