সায়েদাবাদের দূরপাল্লার বাস সরানো হচ্ছে কাঁচপুরে, ডিসেম্বরে চালুর লক্ষ্য

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

রাজধানীর যানজট কমাতে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো দ্রুত কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান।

এই স্থানান্তরের প্রথম ধাপে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬টি জেলার দূরপাল্লার বাস কাঁচপুরের অস্থায়ী শেডে পাঠানো হবে। পরবর্তীতে সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে। ডিএসসিসি প্রশাসক জানান, দূরপাল্লার বাস শহরের ভেতরে প্রবেশ না করলে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে। এছাড়া কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার জন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে বিশেষ ‘শাটল সার্ভিস’ চালুর পরিকল্পনা করছে ডিএসসিসি।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১২ একর জমির ওপর তিনটি প্যাকেজে কাঁচপুর বাস টার্মিনালটি নির্মিত হচ্ছে। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং ভেতরের প্ল্যাটফর্ম তৈরির কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ সম্পন্ন করে টার্মিনালটি চালু করার লক্ষ্য রয়েছে।

নির্মাণাধীন এই টার্মিনালে প্রায় ৪০৫টি বাসের ধারণক্ষমতা থাকবে, যার মধ্যে ৩৭৮টি বাস পার্কিং, ২২টি বাস বে, ৫টি ওয়াশিং বে এবং ৪০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য এখানে থাকবে ৪৮০ আসনের একটি ওয়েটিং জোন, ১০৬টি টিকিট কাউন্টার এবং পুরুষদের জন্য ১০টি ও নারীদের জন্য ৬টি টয়লেট। এছাড়া ৬৫ বর্গমিটারের অফিস স্পেস এবং ৫০ বর্গমিটারের ইলেকট্রো-মেকানিক্যাল রুমের সংস্থান রাখা হয়েছে প্রকল্পটিতে।

পরিদর্শনকালে প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এ সময় ডিএসসিসি প্রশাসক কাজের মান শতভাগ বজায় রাখতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদার ও প্রকৌশলীদের কঠোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান, গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে সরিয়ে নেওয়ার জন্য বর্তমানে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত