মেসির বিদায়ে কষ্ট, স্কালোনির চুক্তি নবায়ন চান এনজো ফার্নান্দেস প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ ফিফা আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বুধবার দেশে ফিরেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। দেশে ফেরার পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের অনুভূতির কথা জানিয়েছেন। এনজো বলেন, আবারও এখানে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। জাতীয় দলের অংশ হওয়াটা আমার জন্য সবসময়ই গর্বের এবং আমি পরিবার ও দলের সঙ্গে এই সময়টা উপভোগ করতে চাই। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি তুলে রাখার কথা রয়েছে কিংবদন্তি লিওনেল মেসির। তার এই বিদায় নিয়ে কথা বলতে গিয়ে এনজো ফার্নান্দেস বলেন, এটি এমন এক বিদায় যা অনেক কষ্ট দেয়। তবে লিওর রেখে যাওয়া উত্তরাধিকার এবং সে আমাদের কাছে কতটা বিশেষ, তা আমরা জানি। তার সঙ্গে কাটানো এই বিশেষ সময়টা আমাদের পুরোপুরি উপভোগ করতে হবে। মেসি এখনও দল ছাড়েননি উল্লেখ করে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, তিনি বর্তমান সময়টাকেই গুরুত্ব দিতে চান, কারণ এরপর একটি কঠিন প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এনজো। আগামী ডিসেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। নতুন চুক্তি নিয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই এনজো বলেন, আশা করি তিনি চুক্তি নবায়ন করবেন। আমাদের এবং দলের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ। তিনি সেটি জানেন, তাই তাকে নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনা ফুটবলএনজো ফার্নান্দেসবেনিন ম্যাচলিওনেল মেসিলিওনেল স্কালোনি