মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৪

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট এবং স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদুল হক বিপুল এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের ব্যানারে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। আক্রমণকারীরা দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে এবং এরপরই শুরু হয় লুটপাট। স্বাস্থ্যকেন্দ্র থেকে মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন এবং নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়।

লুটপাটের পাশাপাশি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গাটি দখলের জন্য দীর্ঘদিন ধরে বিএনপির স্থানীয় দুটি পক্ষ তৎপর ছিল। বৃহস্পতিবার রাতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি পক্ষ জায়গাটি দখলে নেয়। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।