নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাম মহিউদ্দিন ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ওই মামলার এজহারভুক্ত ৪ নম্বর আসামি। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে এই হামলার ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় মোট ১৩ জনকে এজহারভুক্ত আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন।