সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের সিদ্ধান্ত

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি দল ও সংসদ সদস্য—উভয় পদ থেকেই পদত্যাগ করতে যাচ্ছেন। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে যেকোনো সময় তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। বৃহস্পতিবারই এই পদত্যাগপত্র জমা দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর থেকেই ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দলীয় সূত্র বলছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ফেরদৌস আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সেই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পরপরই তার দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এই বিষয়ে মন্তব্য জানতে ফেরদৌস আহমেদ মিষ্টির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত