এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এক সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরপরই ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে এলো। ঘটনার সূত্রপাত গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে। ওই সময় মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে নতুন সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা সমিতির সাধারণ সদস্য হিসেবে থাকলেও তারাই মূলত সব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। স্থানীয়দের ভাষ্যমতে, তারা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফেরদৌসী আহমেদ মিষ্টি ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। সে সময় তিনি ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’- এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে বর্তমানে তিনি ওই সমিতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন। SHARES অন্যান্য বিষয়: পদত্যাগপ্রধানমন্ত্রীফেরদৌসী আহমেদ মিষ্টিমিরপুররাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার